সাইবার হামলার আশঙ্কায় রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ‘ডিএসই মোবাইল’

ইত্তেফাক রিপোর্ট

সাইবার হামলার আশঙ্কায় রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন প্ল্যাটফরম ‘ডিএসই মোবাইল’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল জানানো সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা শুধু লেনদেনের কার্যদিবসে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিনিয়োগকারীরা আবার ডিএসই মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। এর আগে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র মেইল করে বাংলাদেশ ব্যাংকে। এরপর এ বিষয়ে সতর্কতা জারি করে সব ব্যাংকে চিঠিও পাঠানো হয়। এ চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোও সতর্ক অবস্থান নেয়। এবার শেয়ারবাজারেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল।