ইত্তেফাক রিপোর্ট
চার্টার্ড সেক্রেটারি পেশায় তরুণদের জন্য ভবিষ্যত্ প্ল্যাটফরম স্থাপনের জন্য ভ্যালু এডিশন, সৃজনশীলতা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ। শনিবার চার্টার্ড সেক্রেটারিজ কোর্সের ৪৬তম ব্যাচের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এডুকেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বুল হাসান, এফসিএস অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ছাত্রদের স্বাগত জানান। তিনি আইসিএসবির ২৩ বছরের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার বিশ্বব্যাপী সম্ভাবনা তুলে ধরেন। ইনস্টিটিউটের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ্ বাংলাদেশ ও বিশ্বব্যাপী চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ চার্টার্ড সেক্রেটারি পেশাকে করপোরেট ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং, আকর্ষণীয় এবং সন্মানজনক পেশা হিসাবে আখ্যায়িত করেন এবং এর ব্যপ্তি দেশে ও বিদেশে ব্যাপক বলে উল্লেখ করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে আইসিএসবির ভারপ্রাপ্ত সচিব মো. শামিবুর রহমান এসিএস উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন।