বোলিং নিয়ে অতৃপ্ত মিরাজ

স্পোর্টস রিপোর্টার

টি-২০ দল থেকে বাদ পড়েছেন। ওয়ানডে দলেও অনিয়মিত হয়ে পড়েছেন। টেস্ট দলে থাকলেও সর্বশেষ টেস্টের একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফস্পিনার হিসেবে তার চেয়ে এগিয়ে রাখা হচ্ছে নাঈম হাসানকে। মিরাজের সময়টা ভালো যাচ্ছে না এটুকু স্পষ্ট। করোনা ভাইরাসের লম্বা বিরতির পর বোলিংয়ে এসে ভালো লাগছে না তার নিজেরও। বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না মিরাজ।

গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে বোলিং নিয়ে এই অফস্পিনার বলেছেন, ‘অনেকদিন পর বোলিং শুরু করেছি মিরপুরে, বিশেষ করে পাঁচ-ছয় মাস পর এখানে বোলিং শুরু করেছি। তিন-চার দিন হলো এখানে বোলিং করছি, ভালো লাগছে। কিন্তু অনেকদিন পরে শুরু করায় নিয়ন্ত্রণ থাকছে না, অস্বস্তি লাগছে।’

নিজের অতৃপ্তির কথা অকপটেই স্বীকার করেছেন মিরাজ। তিনি বলেছেন, ‘একটু অস্বস্তিতে আছি, বোলিং হয়তো ভালো হচ্ছে না যেটা আমি চাচ্ছি।’

বল হাতে নিজের আগের ছন্দ ফিরিয়ে আনতে চেষ্টা করছেন মিরাজ। গতকাল তিনি বলেছেন, ‘চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার নিজের জায়গায় বোলিংটা আনার জন্য। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বোলিংটা আগে যেখানে ছিল সেখানে আনার জন্য। আমার কোচের সঙ্গেও কথা বলেছি, সেও আমার সঙ্গে অনেক আলোচনা করেছে কীভাবে কি করলে ভালো হয় এবং আগে যেরকম বোলিংটা করতাম সে ছন্দে ফিরে আসতে চাই।’

সামনেই লঙ্কা সফর। বিদেশের মাটিতে স্পিনারদের চ্যালেঞ্জটা অনেক বেশি। যে চ্যালেঞ্জ অনুভব করছেন মিরাজ। তিনি বলেছেন, ‘বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি থাকে। আমি মনে করি বিদেশের মাটিতে ইকোনমিটা গুরুত্বপূর্ণ, লাইন লেংথ গুরুত্বপূর্ণ। ওখানে সফল হতে হলে লাইন লেংথে জোর দিতে হয় এবং ভালো জায়গায় টানা বল করতে হয়, উইকেট থেকে সাহায্য পাওয়া যায় না।’ বোলিংয়ে উন্নতি করতে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শও নিচ্ছেন মিরাজ।