ফেরিওয়ালাদের সম্মান করতে শিখুন

রাস্তায় হেঁটে হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি বা ফেরি করে যিনি জীবিকা নির্বাহ করেন, তিনিই ফেরিওয়ালা। প্রতিদিন তাঁরা মহল্ল­ায় মহল্ল­ায় ঘুরে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন। যেমন মাছ, শাকসবজি, ফল-ফলাদি, বিভিন্ন খাবার, জামা-কাপড় প্রভৃতি। নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হন তাঁরা। বাজারের চেয়ে কম দামে অনেক সময় তাদের কাছ থেকে নিত্যপণ্য কেনা যায়। অনেক সময় নানা ধরনের গান গেয়ে ক্রেতাদের মন জয় করার চেষ্টাও করে থাকেন তাঁরা। আর এই যাওয়া-আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালার সঙ্গে আমাদের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা আমাদের চাহিদামতো অনেক জিনিস দূর থেকে বয়ে আনেন। যার ফলে আমাদের কষ্ট ও সময় বাঁচে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ তাঁদেরকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে, যা মোটেও কাম্য নয়।

সমাজে কোনো কাজকেই ছোট করে দেখার  সুযোগ নেই। সব কাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনযাত্রায়। তাই আসুন, ফেরিওয়ালাদের সম্মান করি এবং তাঁদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করি। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

মু. সায়েম আহমাদ

শিক্ষার্থী, ঢাকা কলেজ