সেতু নির্মাণকাজ বন্ধ!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পাইকশা বাজারে খাল সংলগ্ন প্রধান সেতু ভেঙে নতুন করে নির্মাণের কাজ এক বছর হলো শুরু হলেও বর্তমানে সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। এদিকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশেপাশের এলাকার মানুষ। এখানকার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত পাইকশা বাজার। সপ্তাহে রবি ও বুধ—এই দুদিন হাট বসে। হাজার হাজার মানুষ এবং ব্যবসায়ীরা হাটে আসেন। আশেপাশের গ্রামগুলোর মানুষকে শহরে সেতু পার হয়েই যেতে হয়। এছাড়া সুতা এবং গামছা ব্যবসায়ীদের মালামাল বহন করতে হয় ভ্যান বা ট্রাকে। বাজারের প্রধান সেতুর কাজ বন্ধ থাকায় মালামাল নিয়ে খাল পার হয়ে বাজারে আসতে কয়েক কিলোমিটার পথ ঘুরতে হয়। এখনো সেতুর কাজ শুরু না করে হেঁটে চলাচলের জন্য কাঠের সাঁকো তৈরি করা হয়েছে, যেখানে মালামাল পরিবহন বা যান চলাচল অসম্ভব। দ্রুত সেতু নির্মাণকাজ সম্পন্ন হলে মালামাল নিয়ে ঘুরে যেতে হবে না, জনচলাচলেও সুবিধা হবে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সুমন সরকার

পাইকশা, কামারখন্দ, সিরাজগঞ্জ