সোনারগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অর্পণ চক্রবর্তী এইচএসসি পরীক্ষার্থী। সে সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে। পারিবারিক সূত্র জানায়, পল্লী বিদ্যুতের মেইন লাইন তাদের ঘরের ওপর দিয়ে টেনে নেওয়ার সময় বাতাসে টিনের চালের সঙ্গে তারের ঘর্ষণে লিকেজ হয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অর্পণের চাচাতো বোন ঐশি আঙিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে সে প্রথমে বিদ্যুতায়িত হয়। এসময় বোনকে বাঁচাতে গিয়ে অর্পণও বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলার কারণে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার পরিবার মামলা করার প্রস্তুতি নিয়েছে।