প্র্রবাসী শ্রমিকদের মরদেহ সরকারি খরচে আনতে লিগ্যাল নোটিশ

ইত্তেফাক রিপোর্ট

পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের কেউ মারা গেলে তার মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সরকারি খরচে বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ দেশে আনার পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন গতকাল রবিবার পররাষ্ট্রসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বিদেশে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে নিয়োগকারী কর্তৃপক্ষ ঐ শ্রমিকের মরদেহ সংশ্লিষ্ট দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ফ্রি ভিসা বা অন্যান্য কিছু ক্ষেত্রে শ্রমিক মারা গেলে তিনি যে দেশের নাগরিক সেই দেশই তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক ব্যবস্থা নিয়ে থাকে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়।

এর আগে আমাদের দেশে এ ধরনের শ্রমিকদের যারা বিদেশে মারা গেছেন, তাদের মরদেহ বিমান বাংলাদেশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করে আসছিল। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিমান কর্তৃপক্ষ নিজ খরচে আর মরদেহ বহন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে বিদেশে কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারের খরচে মরদেহ দেশে আনতে হবে। এটা হতে পারে না। নোটিশে বলা হয়েছে, যে মানুষ নিজের পরিবার পরিজনের মায়া ত্যাগ করে বিদেশে গিয়ে শ্রম দিচ্ছে, আমাদের অর্থনীতি সচল রাখছে তারা কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে রাষ্ট্র তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করবে না, অন্তত একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাটা অত্যন্ত দুঃখজনক।