‘বিএনপি বন্দুকের নলে রাষ্ট্রক্ষমতায় এসেছিল’

ইত্তেফাক রিপোর্ট

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি বন্দুকের নলের মধ্য দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। গতকাল সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে  অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলের কোনো এখতিয়ার ছিল না। বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশবিরোধী প্রচারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই দেশটিকে সর্মথন দেওয়ার কোনো চিন্তাভাবনা বাংলাদেশ সরকার করছে না। এর আগে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পৌঁছে ভেড়া ও মহিষের খামার পরিদর্শন ও মুজিববর্ষ উপলক্ষ্যে সেখানে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় মিলিত হন। এ সময় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।