বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আটক ২৫০

বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে প্রায় এক মাস ধরে বিক্ষোভ চলছে দেশটিতে। রাজধানী মিনস্কসহ বিভিন্ন শহরে গতকাল রবিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ ২৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। খবর আলজাজিরার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর আলোচনার আগে এত বিক্ষোভকারী আটকের ঘটনা ঘটল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা উসকানিমূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও পতাকা বহন করছিল। মিনস্কের বিক্ষোভের মূল কেন্দ্রস্থলগুলো বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিভিন্ন স্থানে পুলিশ লোকজনকে তুলে নিয়ে মারধর করছে। সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা রুশপন্থি লুকাশেঙ্কো গত মাসের নির্বাচনেও নিজেকে জয়ী দাবি করেন। এরপরই বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। ইতিমধ্যে বিক্ষোভকারীদের কয়েক জন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে। কেউ কেউ বিদেশেও পালিয়ে গেছেন। শনিবারও আটক নেতাদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভে নামেন।