ওসি প্রদীপের বিরুদ্ধে হত্যার আরো একটি অভিযোগ

বন্দুকযুদ্ধ নাটকে টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান নামে এক জনকে খুনের অভিযোগে ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে আরো একটি হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে নিহত মিজানুর রহমানের বড় বোন নূর বাহার বাদি হয়ে এই মামলার আবেদন করেন। এতে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামি করা হয়েছে। নিহত মিজানুর রহমান হোয়াইক্যংয়ের জিমনখালী এলাকার বাসিন্দা। বাদীর আইনজীবী জুলখার নাইন জিল্লুুর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা ওসি প্রদীপের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগে এটিসহ ১৪টি মামলা দায়ের করা হলো।

মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, মিজানুর রহমান খেটে খাওয়া মানুষ। গত ৪ এপ্রিল টেকনাফ থানাপুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। এরপর পুলিশ তার বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর করে। পুলিশ ২০ লাখ টাকা দাবি করে, না দিলে বন্দুকযুদ্ধে মিজানুরকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তারা বহুকষ্টে ২ লাখ টাকা জোগাড় করে পুলিশকে দেয়। কিন্তু বাকি ১৮ লাখ টাকা দিতে না পারায় ৫ এপিল রাতে নিজ এলাকায় এনে মিজানুর রহমানকে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়।

আইনজীবী জুলখার নাইন জিল্লুর বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছে আদালত এবং ঐ ঘটনাসংক্রান্ত অন্য মামলা আছে কিনা, তা আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।