গোপনে বরিশাল সিটি মেয়রের ছবি ধারণ

তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশালে রাতের আঁধারে পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে বেড়াতে যাওয়া সিটি মেয়রের ছবি গোপনে ভিডিও ধারণ করায় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও যুবলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার রাতে নগরীর কীর্তনখোলা নদীর তীর থেকে তাদের আটক করে পুলিশ। এরা হলেন—অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবরের’ সম্পাদক মামুনুর রশীদ নোমানী, নলছিটির দপদপিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।

কোতোয়ালি থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, শনিবার রাত ১টার দিকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তার সহধর্মিণী ও সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় অভিযুক্তরা অনুমতি ব্যতীত অসত্ উদ্দেশ্যে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেলে ঐ তিন জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে।

এ ঘটনায় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঐ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল রবিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তিন জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।