মোট মৃতের মধ্যে পুরুষ প্রায় ৭৮ শতাংশ

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৪ হাজার ৭৩৩ মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৮৬ (৭৭ দশমিক ৮৮ শতাংশ) এবং নারী ১ হাজার ৪৭ জন (২২ দশমিক শূন্য ১২ শতাংশ)। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৭৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে       মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭৩৩ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৩৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ছয় জন। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। ১৮ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন করে মোট ছয় জন রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের এবং এক জন করে মোট দুই জন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।