ইউএনও ওয়াহিদার বাবা নিউরোসায়ন্সেস ইনস্টিটিউটে ভর্তি

উন্নত চিকিত্সার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়েছে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গতকাল রবিবার রংপুর সিটি করপোরেশনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ওমর আলী শেখের কোমরের নিচের অংশ পুরোটাই অবশ হয়ে গেছে। কথা বলতে ও খেতে পারলেও হাঁটাচলা করতে পারছেন না তিনি।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া জানান, ওমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। এতে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগে তার। সাধারণত এ ধরনের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে যায়। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ এখন অবশ। তিনি আরো বলেন, সাধারণত এ ধরনের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। আপাতত তার অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদি চিকিত্সা প্রয়োজন।