রাষ্ট্রদ্রোহ মামলায় চবি শিক্ষকের জামিন বহাল

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ এবং ঐ শিক্ষকের পক্ষে আইনজীবী মোতাহার হোসেন সাজু শুনানি করেন। মোতাহার হোসেন সাজু বলেন, আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে তার ছয় সপ্তাহের আগাম জামিন বহাল থাকলো।

হাইকোর্ট গত ২৪ আগস্ট ঐ শিক্ষককে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিল। সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গত ২৩ জুলাই আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।