ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-৫ আসনে সাবেক এমপি সালাহ উদ্দিন আহম্মেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মুহাম্মদ রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দিয়েছে দলটির সংসদীয় কমিটি। গতকাল রবিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী ও নওগাঁ-৬ আসনে আলমগীর কবির প্রার্থী ছিলেন। ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবী, সালাহ উদ্দিন আহম্মেদ, সেলিম ভুঁইয়া, আকবর হোসেন নান্টু, জুম্মন মিয়া, আনোয়ার হোসেন সরদার মনোনয়ন ফরম কিনেছিলেন। শনিবার আগ্রহীদের সাক্ষাত্কার গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার এক দিন পর এই দুই আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি। সাক্ষাত্কার গ্রহণের সময় দলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কফিল উদ্দিন ও এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েক জন।

নির্বাচন কমিশন জানায়, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা-১৮ আসনে এখনো তপশিল হয়নি। এর আগে, ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ নির্বাচনি আসনটি খালি হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি ঐদিন শূন্য হয়।