চলতি বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত শুল্ক প্রত্যাহার, নিম্ন ও মধ্যস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ি বন্ধ, বিড়িশিল্প সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিড়িশ্রমিকেরা। গতকাল রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়িশ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক হেরিক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, মহিলাবিষয়ক সম্পাদক মায়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাচীন শ্রমঘন এই শিল্পে নদীভাঙন বা চর এলাকার অসহায় নারী ও পঙ্গু শ্রমিকেরা কাজ করেন। একদিকে করোনা মহামারি, অন্যদিকে বাজেটে প্রতি প্যাকেটে মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধির কারণে বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে। তাই পরিবার নিয়ে মানবেতর দিন যাপন করছেন শ্রমিকেরা। নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য মাত্র ২ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মধ্যম স্তরের সিগারেটের কোনো মূল্য বৃদ্ধি পায়নি। তাই বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা। —প্রেস বিজ্ঞপ্তি