হানিফ সংকেত
শুধু ইত্যাদিই নয়, আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিল আমার আত্মিক সম্পর্ক। শুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন। ইত্যাদিতে সর্বশেষ অভিনয় করেছেন ২০১৮ সালের মার্চ মাসে। সে সময়ও তিনি অসুস্থ ছিলেন, সেভাবে হাঁটা-চলা করতে পারতেন না। কিন্তু অভিনয়ের প্রবল ইচ্ছে থাকায় আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসি। সবাই মিলে কোলে করে তাকে দোতলায় উঠাই। অনেকদিন পর সহশিল্পীদের কাছে পেয়ে সারাদিন তাদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সহজ-সরল মানুষ। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন এই অভিনেতা। খুব কাছ থেকে দেখেছি বলেই জানি, মহিউদ্দিন ভাই ছিলেন একজন সত্, নীতিবান আদর্শ সরকারি কর্মকর্তা। গুণী এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার জন্য মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হানিফ সংকেত ও মহিউদ্দিন বাহার