লকডাউনের প্রতিবাদে পদত্যাগ করলেন ইসরাইলের মন্ত্রী

ইসরাইলে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে জারি করা লকডাউনের প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির এক মন্ত্রী। স্থানীয় সময় রবিবার ইস্তফা দিয়েছেন ইসরাইলের আবাসন মন্ত্রী ইয়াকুব লি‍ৎজম্যান।

জানা যায়, ১৮ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফা লকডাউন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি।

গোঁড়া ইহুদিদের দল অর্থোডক্স জিউস পার্টির শীর্ষ নেতা লি‍ৎজম্যান জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে দেশে ফের লকডাউন চালু হওয়ার ফলে প্রধান ধর্মীয় উ‍ৎসব পালন করতে পারবেন না ইহুদিরা। হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পাঠানো পদত্যাগপত্রে লি‍ৎজম্যান লকডাউনের সিদ্ধান্তকে ‘চরম ভুল’ আখ্যা দিয়ে লিখেছেন, ইহুদিদের ধর্মীয় উ‍ৎসবের মুখে লকডাউনের সিদ্ধান্ত শুধু ভুলই নয়, হাজার-হাজার নাগরিককে অবজ্ঞা করার স্পর্ধা প্রকাশ করেছে। 

আরও পড়ুন: লাদাখ সীমান্তে ভারত সেনাদের জন্য থাকছে বিশেষ বুলেট প্রুফ!!

উল্লেখ্য, ইসরাইলে এখন পর্যন্ত মরণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৭ জন। মৃত্যুর হার অবশ্য এক শতাংশেরও কম। এখনো পর্যন্ত মারা গেছেন মাত্র ১০৮ জন। টাইমস অব ইন্ডিয়া।

ইত্তেফাক/আরআই