১০ দিনে ৭ হাজার ৮৩৭ কোটি টাকার রেমিট্যান্স এসেছে

ইত্তেফাক রিপোর্ট

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ৯২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের (৭ হাজার ৮৩৭ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ৪০ লাখ ডলার। আর গত আগস্টের প্রথম ১০ দিনে এসেছিল ৫৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাত্ সব হিসাবেই প্রবাসী আয়ে বড় ধরনের উত্থান ঘটেছে চলতি মাসের শুরুর দিকে। করোনার প্রভাবে আগস্টের শুরুতে কোরবানির ঈদের পরও রেমিট্যান্সের গতি থামেনি। পুরো মাসে ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে রেমিট্যান্সের এই ঊল্লম্ফন দেখা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আগে দেড় হাজার ডলারের বেশি রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া ২ শতাংশ প্রণোদনা নিতে আয়ের সপক্ষে নথিপত্র জমা দিতে হতো। এখন কোনো নথি ছাড়াই ৫ হাজার ডলার আয়ের বিপরীতে প্রণোদনা পাওয়া যাচ্ছে। এর ফলে প্রবাসীরা বেশি করে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন।