চামড়াজাত পণ্যের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭১০০ টাকা

ইত্তেফাক রিপোর্ট

সরকার চামড়াজাত পণ্য ও জুতার কারখানার শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এখন থেকে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৩ হাজার ৫০০ টাকা, বাড়িভাড়া ১ হাজার ৭৫০ টাকা, চিকিত্সা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ ও খাদ্য ভাতা ৯০০ টাকা। অন্যদিকে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি হবে সাড়ে ৫ হাজার টাকা। এছাড়া এ খাতের কর্মচারীদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ৮ হাজার ৫২৫ টাকা। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন এ মজুরি ঘোষণা করেছে। এ খাতের কর্মরত শ্রমিকদের মোট ৬টি গ্রেড। প্রথম গ্রেডের শ্রমিকদের মোট ১৩ হাজার ৫২০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১০ হাজার ৫২০ টাকা, গ্রেড-৩ এ ৯ হাজার ৩৫০ টাকা, গ্রেড-৪ এ ৮ হাজার ৫২৫ টাকা, গ্রেড-৫ এ ৭ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য বর্তমান বাজারদর বিবেচনায় এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা যৌক্তিক নয় বলে মনে করেন শ্রমিক সংগঠনের নেতারা। গত ২০১৯-২০ অর্থবছরে জুতাসহ চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৬৯ কোটি ডলারের। ২২ কোটি ডলারের চামড়াজাত পণ্য ও ৪৭ কোটি ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে।