শ্রীলঙ্কা সফর সূচি

শ্রীলঙ্কার শর্তে বিস্মিত বিসিবি

স্পোর্টস রিপোর্টার

এই করোনার কালেই আর্ন্তজাতিক ক্রিকেট ফেরাতে পেরেছে ইংল্যান্ড। তারা ইতিমধ্যে চারটি দলকে সে দেশে সফরের সুবিধা দিয়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বিশাল লটবহর নিয়ে গিয়ে ইংল্যান্ডে মাঠের ভেতরেই হোটেলে থেকেছে। দুটো দলের সমান বহর নিয়ে গিয়ে নিজেরা ম্যাচও খেলেছে। কিন্তু ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) বলছে, তারা বাংলাদেশকে কোয়ারেনটাইনে থাকার সময় অনুশীলন সুবিধা দিতে পারবে না, অনুশীলন ম্যাচ খেলার মতো বাহিনী নিতে দেবে না, এমনকি নেট বোলারও সরবরাহ করতে পারবে না। এসএলসির এসব শর্তে বিস্মিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার বলেছেন, শর্ত না বদলালে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়।

পাপন বলছিলেন, তাদের পরিকল্পনাই ছিল, শ্রীলঙ্কায় বিশাল বাহিনী নিয়ে যাওয়া এবং নিজেরা অনুশীলন ম্যাচ খেলে প্রস্তুত হওয়া, ‘আমরা যাব, ওখানে বিশাল এক বাহিনী নিয়ে যাব। ওখানে গিয়ে প্র্যাকটিস করব। এরপর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলে আসব। এটাই ছিল বেসিক ধারণা। শ্রীলঙ্কা থেকে কালকে যে চিঠিটা এসেছে এর থেকে আমরা বুঝলাম আমরা যে ধারণা করেছিলাম, তার ধারেকাছেও তো নাই।’

বোর্ড সভাপতি ইংল্যান্ডের দিকে ইঙ্গিত করে বলেছেন, তারা কোয়ারেন্টিনের সময়ে অনুশীলনের সুবিধা দিয়েছে, ‘অন্যান্য জায়গায় সাত দিন কোয়ারেনটাইন হচ্ছে, কিন্তু অনুশীলন হচ্ছে। তারা তাদের মতো প্র্যাকটিস করতে পারছে। কোনো যায়গায় তিন দিন পরই প্র্যাকটিস করতে পারছে। জিমনেশিয়াম ব্যবহার করতে পারছে। কিন্তু কালকে যেটা দেখলাম কেউ ঘর থেকেই বের হতে পারবে না ১৪ দিন। খাওয়ার জন্যও রুম থেকে বের হতে পারবে না।’

এমনকি নেট বোলার নিয়েও এসএলসির অবস্থান বিস্ময়কর, ‘বল থ্রো করার জন্য থ্রোয়ার তো দেবে। নেট বোলার তো দেবে যে কোনো দেশে খেলতে গেলে। এটা দিচ্ছে না ঠিক আছে। এখান থেকেও নিতে দেবে না। তারা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা তো ছেলেখেলা না। এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি।’

পাপন পরিষ্কার করে বলে দিয়েছেন, এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে যাওয়া সম্ভব না, ‘আমাদের বলা হয়েছিল তাদের ওখানে করোনা নেই বলতে গেলে। তারপর দেখলাম ওদের ওখানে লিগটিগ হচ্ছে। পরে আমরা ওদের জানালাম যে আমরা বড় স্কোয়াড নিয়ে যাব। তাদের ওখানে আমরা অনুশীলন করব। ওরা এখন অনুশীলনেরও সুযোগ দিচ্ছে না। কোনো অনুশীলন ছাড়া, যেখানে আমাদের খেলোয়াদের সাত মাস ধরে খেলা নেই, সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপতো হতেই পারে না। ওখানে গিয়েও আমরা অনুশীলন করতে পারব না, সেটা তো সম্ভব না। কাজেই এই মুহূর্তে এটা হওয়া সম্ভব না।’