ইউএস ওপেন
স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় ছিল টেনিস বিশ্ব। আর সেই লড়াইটাও হয়ে রইল স্মরণীয়। চমত্কার এক ম্যাচে অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখলেন ডমিনিক থিয়েম। জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন দ্বিতীয় বাছাই এই অস্ট্রিয়ান।
রোববার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে চূড়ান্ত লড়াইয়ে প্রথম দুই সেট জিতে এগিয়ে যান ২৩ বছর বয়সি জেভেরেভ। তবে, তাল হারিয়ে ফেলেন শেষ দিকে গিয়ে। তার এই ছন্দপতনের সুযোগটা দারুণভাবে কাজে লাগান থিয়েম। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে ম্যাচ জিতে নেন ২৭ বছর বয়সি এই খেলোয়াড়। প্রথম দুই সেট পিছিয়ে থেকে গ্র্যান্ড স্লাম জেতা সহজ ব্যাপার নয়। প্রথম দুই সেটে হেরেও সর্বশেষ কোনো গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছিলেন আর্জেন্টিনার গাস্তোন গাওদিও। সেই ২০০৪ সালের ফ্রেঞ্চ ওপেনে। আর ইউএস ওপেনে এর নজির খুঁজতে ফিরে যেতে হবে সেই ১৯৪৯ সালে। সেবার নিউ ইয়র্কে ঠিক এভাবেই শিরোপা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের পানচো গনজালেস।
শিরোপা জয়ে উচ্ছ্বসিত ছিলেন থিয়েম। তবে, তিনি মনে রাখলেন প্রতিপক্ষের লড়াইকেও। বললেন, ‘শিরোপা জয় দারুণ একটা অভিজ্ঞতা। এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। তবে, আজ আমরা দুই জনই বিজয়ী হলে দারুণ হতো, আমরা উভয়েই এর দাবিদার।’ অন্যদিকে আক্ষেপে পুড়ছেন জেভেরেভ। তবে, পেশাদার মানসিকতা ছিল তার কণ্ঠে। মজা করে বলেন, ‘কঠিন একটা লড়াই শেষ হলো। পরাজয়ে তো আক্ষেপ থাকবেই। থিয়েম আরো কিছু ভুল করলে আমি ট্রফিটা তুলে ধরতে পারতাম হয়তো।’