অবিশ্বাস্য জয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

কাল শেষ ওয়ানডে

 স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পথে থাকা অস্ট্রেলিয়া আচমকাই পথ হারায়। ইংল্যান্ডের বিপক্ষে রবিবার রাতে ম্যানচেস্টারে ২৩২ রান তাড়ায় এক পর্যায়ে তাদের রান ছিল ২ উইকেটে ১৪৪। কিন্তু এরপর ৩ রানের মধ্যে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ২০৭ রানে।  অস্ট্রেলিয়া হারে ২৪ রানে।

সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ওয়ানডে।  অবিশ্বাস্য এক জয় পেয়ে এখন দারুণ আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক ইয়ন মরগ্যান।

তিনি বলেন, ‘এটা অবশ্যই অবিশ্বাস্যভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া ভালো বোলিং করে আমাদের রানটা খুব বাড়তে দেয়নি। তবে, দিনে আমাদের বোলাররাই সেরা ছিল। তারাই অস্ট্রেলিয়ার লাগামটা টেনে ধরতে পেরেছিল। আমরা কন্ডিশনের সত্যিকারের সুবিধাটা নিতে পেরেছি। জিততে হলে আমাদের উইকেট পাওয়ার বিকল্প ছিল না। তাই, বোলারদের নিয়ে আমরা গর্বিত।’

এমন ব্যাটিং বিপর্যয়ের পর উত্তর খুঁজে পাচ্ছেন না অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘এটা তো মিলিয়ন ডলার প্রশ্ন। তবে এটুকু নিশ্চিত, আমরা আমাদের পরিকল্পনায় শতভাগ  থাকতে পারছি না। গোলমাল করে ফেলছি ভাবনায়।’

তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে তার ১০৭ রানের জুটিতেই জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরপর দুই ওভারে ফিরে যান লাবুশেন ও মিচেল মার্শ। এরপর ভরসা ছিলেন ফিঞ্চ। দায়িত্ব নিয়েই খেলছিলেন। কিন্তু তিনি ৭৩ রান করে বোল্ড হয়ে যান ক্রিস ওকসের বল ভুল লাইনে খেলে। অস্ট্রেলিয়া পারেনি সেই ধাক্কা সামাল দিতে। শেষ ৬৩ রানে আটটা উইকেট হারিয়ে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে সফরকারীরা।

পরাজয়ের জন্য উইকেটকে দায়ী করলেন তিনি। একইভাবে কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদেরও। ফিঞ্চ বলেন, ‘আমরা জানতাম, নতুন ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে খেলা কঠিন হবে। উইকেট অবশ্যই সহজ ছিল না। তবে তারপরও আমরা হতাশ। কন্ডিশন কঠিন ছিল, কিন্তু এই ধসের কোনো অজুহাত হয় না। আমাদের সুযোগ ছিল রান তাড়ায় জয়ের, আমরাই পারিনি।’