বাজিতপুরে পাটের দামে খুশি কৃষক

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

এবার পাট বিক্রি করে বেজায় খুশি বাজিতপুর উপজেলাসহ আশপাশের এলাকার কৃষকেরা। ন্যায্যমূল্য পাওয়ায় চাষি ও পাট ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর বাজিতপুরের পাট মোকাম সরারচর বাজারসহ বিভিন্ন পাটের বাজারে প্রতি মণ পাট ১ হাজার ৯০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকায় বেচাকেনা হয়েছে। বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের কৃষক মেনু ভূইয়া জানান, ‘পাটের দামে আমরা খুশি। তবে পাটের মণ যদি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে থাকে, তাহলে সোনালি পাটের দেশ বাংলাদেশ আবার পৃথিবীতে পরিচিতি লাভ করবে।’ বাজিতপুর উপজেলা কৃষি অফিসার এ বি এম রকিবুল হাসান বলেন, এবার বাজিতপুর উপজেলায় ১ হাজার ৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ২ টন পাট উত্পাদন হয়েছে। কৃষক পাটের ন্যায্যমূল্য পাওয়ায় ভবিষ্যতে চাষ আরো বাড়বে বলে তিনি আশাবাদী।