অ্যাসিডে ঝলসে গেছে মা ও মেয়ে!

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছেন মিনা খাতুন (৩০) ও তার মা বেবি খাতুন (৫০)। রবিবার রাত ৮টার দিকে উপজেলার গোলাপনগর গ্রামে এই অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটে। মিনা খাতুন ঐ গ্রামের শাহজাহান আলীর মেয়ে। মিনা খাতুনের চাচাতো ভাই বাবর আলী অভিযোগ করেন, দুই বছর আগে তার বোনের সঙ্গে বাহাদুরপুর গ্রামের মোক্তার আলীর ছেলে রিন্টু আলীর বিয়ে হয়। এর কিছুদিন পরেই জানতে পারেন রিন্টু আগে গোপনে আরেকটা বিয়ে করেছে। তার তিনটা সন্তানও রয়েছে। এ অবস্থায় তারা মিনাকে ছাড়িয়ে (তালাক) নেন। এরপর মাঝেমধ্যেই রিন্টু ফোনে মিনাকে কুপ্রস্তাব দিত। রাজি না হলে হত্যার হুমকি দেয়। রবিবার রাতে মিনা ও তার মা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে রিন্টু অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল জানান, আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।