সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিশেষ অভিযান চালিয়ে ১০টি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের গুরদিয়া গ্রামের ওমর আলী, বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেন ও রাজবাড়ীর ওরাকান্দা গ্রামের স্বপন হোসেন।
সোমবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলীর নেতৃত্বে পদ্মা নদীর সাতবাড়িয়া, রাইপুর, নাজিরগঞ্জ, বড়খাপুর, হাসামপুর, মহনপুর, মহব্বতপুর ও কামারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ, মো. নাজমুস সাদাত রত্ন, এসআই আলতাফ হোসেনসহ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।