জবিতে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি

জবি সংবাদদাতা

যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট’ ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যৌন নিপীড়ক হালিম প্রামাণিকের বিচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করেছে। তদন্ত কমিটির নামে তিন বছর ধরে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভূমিকায় আমরা আশ্চর্য হয়েছি।

তারা হুঁশিয়ারি করে বলেন, তদন্ত কমিটির নামে ভিক্টিমকে অযাচিত প্রশ্ন করে আবারও নিপীড়ন করা হয়। অবিলম্বে অভিযুক্ত হালিম প্রামাণিককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। পুনরায় এ রকম কোনো ঘটনা ঘটলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মানববন্ধনে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান জাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এইচ এম তানভীর, মাহবুবুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান মাহাদী।