যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মৃত্যু

তিন কিশোরের পরিবারকে ৫০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পিটুনিতে নিহত তিন কিশোরের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

গত ২০ আগস্ট নিহত তিন কিশোরের পরিবারের পক্ষে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও প্রবেশন কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দেন। কিন্তু নোটিশের জবাব না পেয়ে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির (১৬) বাবা রোকা মিয়া, নাইম হাসান ওরফে আবু নাইমের (১১) বাবা মো. নান্নু এবং মো. রাসেল ওরফে সুজনের (১৭) বড় ভাই সাইফুল ইসলাম নান্টু হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর ‘বন্দিদের’ মারধর করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।