স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সাক্ষাত্

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল সোমবার তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। সাক্ষাত্কালে তারা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯-এর চলমান প্রেক্ষাপটে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সকলে গৃহবন্দি থাকা সত্ত্বেও ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে সব কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতকে বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বিদায়ি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশকে আন্তরিক ধন্যবাদ জানান স্পিকার। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।