ভারতের ২৫ এমপির করোনা পজিটিভ

বাধ্যতামূলক করোনা ভাইরাসের পরীক্ষায় ভারতের লোকসভার ১৭ জন এমপির রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যসভার এমপিদের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৮ জনের। দুই কক্ষের মিলিয়ে মোট ২৫ জন করোনা আক্রান্ত। এত জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশন নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও গতকাল সোমবার প্রথম দিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, এই মহামারির মধ্যেও এত এমপির উপস্থিতিই প্রমাণ করে গণতন্ত্রের শিকড় কত গভীরে। পার্লামেন্ট সূত্রে খবর, এমপিরা ছাড়াও দুই কক্ষের কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি যারা পার্লামেন্টে উপস্থিত থাকার আবেদন জানিয়েছিলেন এরকম সবার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ সেপ্টেম্বর। আরটিপিসিআর পদ্ধতিতে তাদের করোনা পরীক্ষা করা হয়। ২৫ এমপিসহ সব মিলিয়ে মোট ৫৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। —আনন্দবাজার পত্রিকা