মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলের বিচার শুরু হচ্ছে বৃহস্পতিবার। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে কুয়েতের ব্যক্তি মালিকানাধীন একটি পত্রিকার অনলাইন সংস্করণে এই খবর জানানো হয়েছে। পাপুলের এই মামলায় কুয়েতের আরো কয়েক জন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে দেশটির দুই জন আইনপ্রণেতাও আছেন।
বিবিসির এক খবরে বলা হয়েছে, এর আগে বাংলাদেশের কোনো বর্তমান সংসদ সদস্যকে কখনো বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়েছে বলে শোনা যায়নি। গত ৬ জুন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গ্রেফতারের নির্দেশ দেয় কুয়েতের সরকারি কৌঁসুলিরা। সেই সময় তার প্রতিষ্ঠানের একজন হিসাবরক্ষকসহ আরো কয়েক জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ জুন কুয়েতের আলকাবাস সংবাদপত্রের এক খবরে বলা হয়, কাজী পাপুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, তিন জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ৫০ হাজার দিনার বা এক লাখ ৬৩ হাজার ৩৮৮ ডলার তিনি উপহার দিয়েছিলেন।