অল ফর ওয়ানের কর্মসংস্থান প্রজেক্ট

মাহবুব নাহিদ 

মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা অনেক শুনেছি। কিন্তু মাত্র ২৫ বছর বয়সী তরুণ উদ্যোক্তা কামরুন নেছা মিরা এনেছেন মাইক্রো ইনভেস্টমেন্ট বা ক্ষুদ্র বিনিয়োগ। তার সংগঠন অল ফর ওয়ান ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন গ্রামকে টেকসই উন্নয়ন করে ‘আদর্শ গ্রাম’-এ রূপান্তর করছে বিভিন্ন আর্থিক উন্নয়ন খাতে বিনিয়োগ আর নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে।

তাদের ফুলতলা মডেল ভিলেজ এমন একটি প্রকল্প। যেখানে তারা একটি জমিকে দু’টি পরিবারের জন্য বরাদ্দ দিয়েছে। জমির কৃষক এখানে ফসল উত্পাদনের মাধ্যমে নিজের পরিবারের উন্নয়ন করছে, পাশাপাশি এখান থেকে সংগঠনে লভ্যাংশ আসছে। মিরার এই প্রকল্পের উদ্যেশ্য হলো সুবিধাভোগীর সঙ্গে সুবিধা প্রদানকারীর মাঝে একটি সুনিবিড় সম্পর্ক স্থাপন, কমিউনিটির টাকা যাতে কমিউনিটিতে থাকে আর দেশ-বিদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলেই ক্ষুদ্র বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারবে। এই পর্যন্ত তাদের ৬ বিঘা জমি, ৫৫টি সেলাই মেশিন, হাঁস-মাছের খামার, দোকান, অটোরিক্সা, মটরচালিত ভ্যান সহ আরও অনেকগুলো জায়গায় বিনিয়োগ করা আছে। শর্ত একটাই—এই পরিবারের প্রত্যেক মেয়েকে স্কুলে পড়াতে হবে, বাল্যবিবাহ বন্ধ করা সহ আরও অনেক কিছু।

এখান থেকে লাভের টাকা দিয়ে তারা অত্র এলাকার সামাজিক উন্নয়নে নানা কাজ করে থাকে। যেমন, গভীর নলকূপ স্থাপন, সবার জন্য শিক্ষা, রাস্তার উন্নয়ন, প্রচারণামূলক কাজ সহ অনেক কিছু। তারা এলাকার নারী ও যুবকদের আর্থিক উন্নয়ন এবং সাবলম্বী করার জন্য নানা রকম প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখন পর্যন্ত তারা ৪৭৮টি নারী ও ১৩৬ জন যুবককে প্রশিক্ষণ দিয়েছে। তাদের সবার জন্য শিক্ষা বা নাইট স্কুলটিতে যে কোনো বয়সের যে কেউ পড়াশোনা করতে পারে।

মিরা বলেন, ‘আর্থিক উন্নয়ন আর সাবলম্বী করে গড়ে উঠালে যে কোনো মানুষ বা সমাজে যে গোড়ামি আছে তা অনেকাংশে থাকবে না। আর এসব মানুষের আমরা শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। যেন সে সাবলম্বী হতে পারে, আর নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারে।’