বিনোদন রিপোর্ট
দীর্ঘ বিরতির পর আবারো সরব হচ্ছে নাট্যমঞ্চ। এরইমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা থিয়েটারে নাটক মঞ্চায়িত হয়েছে। এছাড়া নাট্যদল প্রাচ্যনাট তাদের কাটাবন মহড়া কক্ষে আয়োজন করেছে নাট্যমেলার। করোনা পরিস্থিতির কারণে যদিও অল্প পরিসরে শুরু হয়েছে মঞ্চ নাটক, তবে এতদিন পর আবারো মঞ্চ নাটকের শুরুতে সস্তুষ্ট নাট্যজনরা। বিরতির পর এবার নাটক মঞ্চস্থ করতে চলেছে প্রাঙ্গণেমোর। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’ মঞ্চায়িত হবে। ৬ মাস পর অধিকসংখ্যক শিল্পী নিয়ে এটাই কোনো নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটিতে মোট ২২ জন শিল্পী অভিনয় করবেন। এদিন আওরঙ্গজেব নাটকের ৪৫তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, সবুক্তগীন শুভ, বিপ্লব, প্রকৃতিসহ আরো অনেককেই অভিনয় করতে দেখা যাবে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় রয়েছেন নূনা আফরোজ। যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে নিষ্ঠুরতা বা যেকোনো অমানবিক কাজের বিরুদ্ধে বার্তা দিতো ‘আওরঙ্গজেব’। এসব ঘিরেই নাটকটির কাহিনি গড়ে উঠেছে।