প্রথমবার নাটকে অভিনয় করেছেন চিত্রনায়িকা রোমানা নীড়। নাটকের নাম ‘প্রেমিক পুরুষ জগলু ভাই’। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। রোমানা নীড় বলেন, ‘নাটকে প্রথম কাজ করলাম। তবে প্রথমে একটু অসুবিধা হলেও মিলন ভাই বেশ সহযোগিতা করেছেন। পরে ভালো লেগেছে কাজটি করে। খণ্ড এ নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি নাটকের প্রস্তাব পেয়েছি। সেগুলোও সামনে শুরু করবো।’ নাটকে আরো অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ।