শ্রীলঙ্কার জবাবের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

আগের দিনই ব্যাপারটাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে টুইট করেছিলেন শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপক্ষে। তিনি চাচ্ছেন, শর্ত শিথিল করেও বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যেন চালু থাকে। কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা কোভিড টাস্কফোর্সের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিসিবির সঙ্গে গতকালও এসএলসির অনানুষ্ঠানিক কথা হয়েছে। তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আর সেই সিদ্ধান্তের দিকে চেয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা ভাইরাস মহামারির মধ্যে আন্তর্জাতিক খেলা চলছে কেবল ইংল্যান্ডে। তাদের দুটি ভেন্যু—ম্যানচেস্টার ও সাউদাম্পটনে মাঠের সঙ্গেই হোটেল আছে বলে বিশেষ ব্যবস্থায় দলগুলোকে নিয়ে সিরিজ আয়োজন করতে পারছে তারা। সেখানে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই অনুশীলনের সুবিধা পাচ্ছে দলগুলো। সেই সঙ্গে সফরকারীরা বিশাল বহর নিয়ে গিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে।

এই অবস্থায় শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ দলের। আর বাংলাদেশও আশা করেছিল কোয়ারেন্টাইনের সময় অনুশীলন করতে পারবে তারা। একই সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা ছিল হাইপারফরম্যান্স দলকে নিয়ে গিয়ে সেখানে অনুশীলন ম্যাচ খেলবে। কিন্তু সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব পরিকল্পনাকে ‘না’ বলে দিয়েছিল এসএলসি। তারা বলেছে, ১৪ দিনের পুরো কোয়ারেন্টাইন করতে হবে এবং কোয়ারেন্টাইনের সময় অনুশীলন চলবে না। সেই সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার মতো বাড়তি খেলোয়াড় নিতেও দেবে না তারা।

এরকম সব শর্ত পাওয়ার পর বিসিবি বলে দিয়েছে, তারা এসব শর্ত মেনে শ্রীলঙ্কা যাবে না। বিসিবির এই অবস্থানের পর অচলাবস্থা কাটাতে একটার পর একটা বৈঠক করছে এসএলসি। গতকালও তাদের কোভিড টাস্কফোর্সের সঙ্গে বৈঠক ছিল। আর এসব নিয়ে গতকাল তারা বিসিবির সঙ্গে কথা বলেছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, কথা হলেও বলার মতো কোনো অগ্রগতি হয়নি, ‘ফোনে আমাদের সঙ্গে কথা হয়েছে। ওদের ক্রীড়ামন্ত্রী যেমনটা বলেছেন, ওনারা সেভাবে বৈঠক করছেন। চেষ্টা করছেন। এখন আমাদের তো কিছু করার নেই। আমাদের যা বলার বলে দিয়েছি। ওনাদের জবাবের অপেক্ষায় আছি।’

যতদূর জানা যাচ্ছে, শ্রীলঙ্কা কিছু জায়গায় শর্ত শিথিল করার চেষ্টা করছে। কোয়ারেন্টাইন ৭ দিনে নামিয়ে আনার চেষ্টা করছে তারা। এ ছাড়া বাংলাদেশকে ৪০ জনের বহর নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বলেও শোনা যাচ্ছে।

এদিকে শ্রীলঙ্কার প্রখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য আইল্যান্ড’ লিখেছে, এই সমঝোতা না হলে এ বছর দেশটিতে আর আন্তর্জাতিক ক্রিকেট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেই হিসেবেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে তারা বিষয়টিকে।