আরেকটি সুযোগের আশায় ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরে ১১ বছর পর ফিরেছিলেন। সুযোগ পেয়েছিলেন একাদশে। কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হন ফাওয়াদ আলম। যদিও, হতাশায় ভুগছেন না তিনি। অপেক্ষায় আছেন আরেকটি সুযোগের।

ইংল্যান্ডের বিপক্ষে নিজের ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে ফাওয়াদ বলেন, ‘ক্রিকেটে সবসময়ই চাপ থাকে, সেটা ক্লাব ম্যাচ হোক বা যে কোনো কিছু। তার মানে এই নয় যে টেস্ট ম্যাচের চাপেই আমি ভেঙে পড়েছি। এটা দুর্ভাগ্যজনক যে পারফর্ম করতে পারিনি। তবে এসব খেলারই অংশ, সবসময়ই মাঠে নেমে রান করা যায় না।’

ইংল্যান্ডে দুই টেস্ট খেলে করেন মাত্র ২১ রান। ফাওয়াদ বলেন, ‘আবার টেস্ট খেলতে পারাটা ছিল দারুণ অভিজ্ঞতা এবং সত্যি বলতে, পাকিস্তানের হয়ে আবার খেলতে পারা আমার অভিষেক ম্যাচের চেয়েও বেশি তৃপ্তিদায়ক। ১০ বছরের বেশি বিরতির পর দেশকে প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি অসাধারণ।’ ফাওয়াদের বয়স এখন প্রায় ৩৫। তবুও আরেকটি সুযোগ আশা করছেন তিনি। বললেন, ‘আমি জানি যে খুব ভালো পারফর্ম করতে পারিনি, তারপরও ভবিষ্যত্ নিয়ে আমি আশাবাদী। আশা করছি, নিউজিল্যান্ড সফরের দলে আমার জায়গা হবে।’