জয়ে শুরু চেলসির

ল্যাম্পার্ডের চাই শিরোপা

 স্পোর্টস ডেস্ক

দলবদলে শোরগোল ফেলে দেওয়ার পর চেলসির কাছে চলতি মৌসুমে প্রত্যাশাটা বেড়েছে ভালোভাবেই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিয়ে শুরুটা ভালোই করেছে ব্লুজরা। এরপর কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানালেন, চলতি মৌসুমে শিরোপা জিততে প্রয়োজনীয় মানসিকতাটাই দলের কাছে চান তিনি।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে চেলসি প্রথমার্ধ শেষ করে ২৩ মিনিটে জর্জিনহোর পেনাল্টি থেকে পাওয়া গোলে। ৫৫ মিনিটেই সমতা ফেরায় স্বাগতিকেরা। ৫৬ আর ৬৬ মিনিটে রিস জেমস আর কার্ট জুমার গোলে অবশ্য সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। এরই সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগে নিজেদের ২০০০তম পয়েন্টটিও অর্জন করে ফেলে দলটি।

চলতি দলবদলে দলে এসেছেন থিয়াগো সিলভা, টিমো ভের্নার, কাই হাভার্টজ ও হেকিম জিয়েখদের মতো খেলোয়াড়েরা। এমন দল গড়ে কোচ ল্যাম্পার্ড ফিরতে চান শিরোপার লড়াইয়ে। শেষ কয়েক বছরে রীতিমতো শীর্ষ চার নিয়েই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে দলটিকে। সেই বাস্তবতাটাই বদলাতে চান ল্যাম্পার্ড।

ম্যাচের পর প্রতিক্রিয়ায় বললেন, ‘আমরা লিভারপুলের সঙ্গে ব্যবধানটা কমাতে চাই। শিরোপা জেতাটা কঠিন, কিন্তু সেই চ্যালেঞ্জ জানানোর মতো মানসিকতাটা থাকা উচিত দলের। আমরা এখন পেছনে আছি, কিন্তু আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আশা করছি আমরা বড় কিছুই করে দেখাতে পারব।’ দিনের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সও ২-০ গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শুভসূচনা করেছে। গোল দুটি করেন রাউল হিমেনেজ আর দলটিতে নতুন সংযোজন রোমেইন সাইস।