গাজীপুরের কালীগঞ্জে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুই পিঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক। এদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কালীগঞ্জ বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার একটি অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় কালীগঞ্জ বাজারের মেসার্স আলভী ট্রেডার্সের সত্ত্বাধিকারী আজগর আলী ও হৃদয় ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়।
আরো পড়ুন: ইউএনও ওয়াহিদা খানমের আলমারির চাবির গোছা উদ্ধার
এ ব্যাপারে ইউএন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক বলেন, সারাদেশে চলমান অস্থির পেঁয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পেঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/ইউবি