ইউপি নির্বাচনের তপশিল ঘোষণা

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ অক্টোবর। আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রামের লোহাগাড়া সংবাদদাতা জানান, সোমবার বিকালে লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান মুঠোফোনে জানিয়েছে, উপজেলার লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া সংবাদদাতা জানান, উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার রোকসানা নাসরিন এদিন বিকালে এ বিজ্ঞপ্তি জারি করেন। ফরিদপুরের মধুখালী সংবাদদাতা জানান, উপজেলা কোরকদি ইউনিয়ন পরিষদ ও গাজনা ইউনিয়ন পরিষদ এবং রায়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মঙ্গলবার মধুখালী উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম এক গণবিজ্ঞপ্তি জারি করেন।