কেরানীগঞ্জে সড়ক প্রশস্তকরণে বাধা অবৈধ ১১ স্থাপনা

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জের রামেরকান্দা ও সাভারের হেমায়েতপুর হয়ে ঢাকা-মাওয়া সড়কে এবং রাজধানী থেকে মাওয়া রোডে যাতায়াত সহজ করার লক্ষ্যে ঢাকা-মাওয়া সংযোগ সড়ক দুই লেনে প্রশস্ত ও পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। গত মাসে কাজ শুরু হলেও এ কাজে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সড়ক দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো। এলাকাবাসীর অভিযোগ, রামেরকান্দা ও নারায়ণপট্টি এলাকায় ১১টি স্থাপনা কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন উচ্ছেদ করলেও পুনরায় সেখানে সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এলাকাবাসী জেলা প্রশাসক ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে একাধিক আবেদন করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, গত মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেট রামেরকান্দা সড়কের পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। অন্যান্য অবৈধ স্থাপনার মালিকরা নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে যদি রামেরকান্দা এলাকার সড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হয় তা হলে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।