প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফার্মাসিস্টবিহীন ফার্মেসি। বিক্রয়কর্মী দিয়ে চলছে এসব দোকান। অভিযোগ রয়েছে, ওষুধ প্রশাসনের নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে গোপালদীবাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে অনেকেই বসে পড়েছেন ওষুধ বিক্রির ব্যবসায়। গোপালদীবাজার ও আশপাশ এলাকায় গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি আকারের ফার্মেসি। চিকিত্সকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, নিষিদ্ধ, নকল, মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের নানা প্রকার ওষুধ বিক্রি করছে অবাধে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত অপচিকিত্সার শিকার হচ্ছেন। নিরাময়ের পরিবর্তে ভুক্তভোগীরা আরো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।
গোপালদীবাজারের অধিকাংশ ফার্মেসি চলছে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই। মালিকরা অল্প পারিশ্রমিকে অদক্ষ লোক বসিয়ে বিক্রি করছে জটিল রোগের ওষুধ। ফলে মানহীন ভুল ওষুধ যেমন বিক্রি হচ্ছে, তেমনি এসব ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।
অনুমোদনহীন নকল, মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের ওষুধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরুরি বলে মনে করছেন এলাকার সচেতন মহল। জানা গেছে, উপজেলা সদর, গোপালদী, বগাদী, রাধানগর, কালাপাহাড়িয়া, মানিকপুর, পূর্বকান্দি, জাঙ্গালিয়া, কলাগাছিয়া, রামচন্দ্রদী, কালীবাড়ী, কালীরহাট, ব্রহ্মন্দী, মারুয়াদী, দুপ্তারা, পাঁচগাঁও, সাতগ্রাম বাজারসহ ৩০ থেকে ৩৫টি বাজারের কয়েকশ ফার্মেসির ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট নেই। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।