লেভেলক্রসিংয়ে গেট কই!

গাজীপুর জেলার পুবাইল এলাকার বিভিন্ন স্থানে রেলের  ৬টি লেভেলক্রসিং গেটবিহীন। টঙ্গী ভৈরববাজার  ডাবল লাইনে,  নিমতলী থেকে পুবাইল কলেজগেট ৫/৬ কিলোমিটার রেলপথ রয়েছে। গেটবিহীন ৬টি লেভেলক্রসিং—মাঝুখান-পাকুরিয়ার টেক, মাঝুখান-পদ হারবাইদ, করমতলা-হারবাইদ, মিরেরবাজার-তালটিয়া, বসুগাঁও-নারায়ণকুল ও বসুগাঁও-গজারীয়ার টেক। প্রতিনিয়ত যাত্রীবাহী আন্তঃনগর, মেল, লোকাল, মালবাহী ট্রেন আপ-ডাউন করছে। এসব গেটবিহীন লেভেলক্রসিংয়ে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পরিবহন ও জনসাধারণ। মাঝে মধ্যে ট্রেনে কাটা পড়ে মরছে মানুষ, স্থানীয় হলে দ্রুত সরিয়ে নিয়ে যায়, অপরিচিত হলে রেল পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ভৈরববাজার রেলওয়ে মর্গে। রিকশা, ভ্যান, অটোগাড়ি, নসিমন, প্রাইভেট কার দুর্ঘটনার পর যার যার মতো নিয়ে যায়। ট্রেন লাইনচ্যূত হলে বা কোনো বড় দুর্ঘটনায় তদন্ত চলে। হয় না স্থায়ী সমাধান। পরিশেষে, এসব স্থানে গেট স্থাপন ও গেটম্যান বহালের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

জিয়াউল হক সরকার, পূবাইল, গাজীপুর