এদেশে রাজনীতি দুই ধারার—একটি জনগণ অপরটি বন্দুকের নল -------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান রাজনীতির দুটি ধারা। যার একটি হচ্ছে ’৭১-এর চেতনার রাজনীতি (আওয়ামী লীগ), অপরটি হচ্ছে ’৪৭-এর চেতনা (বিএনপি)। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেওয়ার অপচেষ্টা। একটি ধারা উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে, অপরটি মিথ্যাচার আর নেতিবাচকতার বৃত্তে আবর্তিত। একটির উত্স জনগণ ও জনআস্থা, অপরটির উত্স্য বন্দুকের নল।         গতকাল মঙ্গলবার ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষ্যে অনলাইন আলোচনা সভায় ‘দেশে দুই ধরনের রাজনীতি চলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ বাংলাদেশের চিকিত্সা খাতে একটি নতুন অধ্যায়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে চিকিত্সাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান।