রাজধানীর সবুজবাগে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসিকে (২৭) পূর্ব পরিকল্পনানুযায়ী তারই স্বামী হত্যা করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জান্নাতুলকে নিয়ে তার স্বামী মোস্তাফিজুর রহমান সোহেল যে বাসায় থাকতেন ঐ বাড়িরই তত্ত্বাবধায়ককে ৫০ হাজার টাকা চুক্তিতে খুনের জন্য ভাড়া করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান নিহত জান্নাতুলের বাবা রুস্তম আলী। এর আগে গত সোমবার রাতে সবুজবাগের বাসা থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তত্ত্বাবধায়ককে রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এদিকে হাজারীবাগ ও খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম ও পরিচয় শনাক্ত না করা গেলেও তাদের খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
নিহত জান্নাতুলের বাবা রুস্তম আলী জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কে মোস্তাফিজুর রহমান সোহেলকে বিয়ে করেন তার মেয়ে। জামাতা একটি টুরিজম কোম্পানিতে কর্মরত রয়েছেন। সবুজবাগ দক্ষিণগাঁও ১০ নম্বর রোড, ৬৬/৩ নম্বর বাসায় চতুর্থ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকতেন তারা। আড়াই মাস আগে এই বাসায় উঠে মেয়ের পরিবার। গত সোমবার রাত ৯টার দিকে খবর পেয়ে আমরা ঐ বাসায় গিয়ে মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পাই। তার কিছুক্ষণ পরে খুনি মনিরকে চারতলার ছাদ থেকে আটক করে পুলিশ।
এদিকে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজিদুর রহমান সাজিদ গতকাল জানান, হাজারীবাগ থানাধীন বসিলা হাইস্কুলে পাশের একটি বাসা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। বাসাটির মূলফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
অপরদিকে খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম জানান, খিলগাঁও পূর্ব নন্দীপাড়া ৬ নম্বর রোডে একটি বাড়ির পিছন থেকে মঙ্গলবার সকাল ১০টায় অজ্ঞাতনামা ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর।