পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ ঘোষিত জুটমিলগুলোর অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করেছে সরকার।

গতকাল মঙ্গলবার রাজধানীর ডেমরায় অবস্থিত করিম জুটমিলের ১ হাজার ৭৫৯ জন স্থায়ী শ্রমিকের পাওনা টাকার চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ভবিষ্যত্ আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী প্রত্যেকের পাওনার ৫০ শতাংশ নগদে এবং বাকি ৫০ শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের শতভাগ পাওনা এককালীন পরিশোধের জন্য সব পাওনা হিসাব নিরীক্ষা করে চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ প্রয়োজনীয় নিরীক্ষা শেষে করিম জুটমিলে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান সংকটের স্থায়ী সমাধানে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়ন করে উত্পাদন কার্যক্রম গত ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়।