খিচুড়ি রান্না শিখতে বিদেশ ভ্রমণ নতুন তামাশা: রিজভী

মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে ‘ফালতু কাজে’ সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো ‘মিডনাইট নির্বাচনে’ সহায়তার উপঢৌকন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। ইতিপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য, পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতেও তাদের বিদেশ পাঠানো হয়। এসব অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব। আবহমানকাল ধরেই ঐসব বিষয়ে সাধারণ মানুষ রপ্ত। সেসব বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোতে একটি প্রবাদ মনে পড়ে যায়— ‘সরকারি মাল দরিয়া মে ঢাল’। প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থীদের রান্না করা সবজি খিচুড়ি বা ডিম সরবরাহের কাজে ১ হাজার সরকারি কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব করেছে।