বাড্ডায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা

জামিনে মামলার পাঁচ আসামি

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন চার্জশিটভুক্ত পাঁচ আসামি। চলতি বছরের শুরুতে চার আসামি এবং রবিবার এক আসামি হাইকোর্টের পৃথক পৃথক বেঞ্চ থেকে জামিন নেন। আসামিরা হলেন, মোহাম্মদ রাজু, রিয়া বেগম ময়না, বাচ্চু মিয়া, মোহাম্মদ শাহীন ও মুরাদ মিয়া। মামলার নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাজুর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত বছরের ১০ সেপ্টেম্বর রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জনকে আসামি করে রবিবার আদালতে চার্জশিট দেয় পুলিশ। ইতিমধ্যে ঐ চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, রেনু তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েক জন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েক শ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।