ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনকে হুঁশিয়ারি দিয়েছেন, সার্বভৌমত্ব নষ্ট হলে কড়া জবাব দিতে প্রস্তুত আমরা। তিনি বলেন, ভারত যুদ্ধ চায় না, শান্তি চায়। কিন্তু চীন বারবার আগ্রাসনের চেষ্টা চালানোতেই প্যাংগং, গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বেড়েছে। খবর ডয়চেভেলে ও আনন্দবাজার পত্রিকার
লাদাখে ভারত ও চীনের সাম্প্রতিক সংঘাত নিয়ে এই প্রথম পার্লামেন্টে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার রাজনাথ অভিযোগ করেন, ১৯৬০ সালে চীন এবং ভারতের সীমান্ত বিষয়ে যে চুক্তি হয়েছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি বারবার তা লঙ্ঘন করছে। নিয়ন্ত্রণরেখা পেরনোর চেষ্টা করছে তারা। ভারতীয় সেনা তাদের প্রতিহত করছে। তারই জেরে জুন মাসে গালওয়ানের ঘটনা ঘটে এবং এখন প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ প্রান্তে সংঘর্ষ চলছে। গালওয়ানের ঘটনায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। চীন কোনো হতাহতের কথা জানায়নি।
প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ভারত যুদ্ধ চায় না। শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান চায়। কিন্তু দেশের সার্বভৌমত্ব নষ্ট হলে ভারত কড়া জবাব দিতেও প্রস্তুত। সীমান্তে দেশের সেনাবাহিনী সে কাজই করেছে এবং করছে। একই সঙ্গে রাজনাথ জানিয়েছেন, মস্কোয় চীনের প্রতিনিধিদের এ কথাই বলে এসেছেন তিনি এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রাজনাথের অভিযোগ, ১৯৯৩ এবং ১৯৯৬ সালে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছিল, তাও লঙ্ঘন করছে চীন। এ বিষয়েও চীনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।