জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকারী দেশ হিসেবে আবারও বাংলাদেশ বিশ্বের সব দেশকে টপকে প্রথম স্থান অধিকার করার বিরল গৌরব অর্জন করে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে সম্মানিত ও গৌরবান্বিত করেছে। জাতিসংঘ সদর দপ্তরের ওয়েব সাইটের মাধ্যমে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্বশান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সর্বদাই ছিল এক গর্বিত অংশীদার। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ স্থানে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বদাই অঙ্গীকারবদ্ধ।
আগেও বাংলাদেশ পাঁচবার অর্থাত্ ২০০১, ২০০৫, ২০১১, ২০১৪, ২০১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে প্রথম হয়ে এই বিরল কৃতিত্বের অংশীদার হয়েছিল। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের শান্তিরক্ষায় গত প্রায় তিন দশকে বাংলাদেশের অবদান অনন্য। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতময় অঞ্চলে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে বাংলাদেশের অকুতোভয় শান্তিরক্ষীরা।
বর্তমানে আটটি মিশনে বাংলাদেশের সর্বমোট ৬ হাজার ৮৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৫ হাজার ২৫৫ জন, নৌবাহিনীর ৩৪৫ জন এবং বিমান বাহিনীর ৫৮২ জন এবং পুলিশ বাহিনীর ৬৫৪ জন। বর্তমানে শান্তিরক্ষা মিশনে সশস্ত্র ও পুলিশ বাহিনীর ২৪৬ জন নারী শান্তিরক্ষী কর্মরত আছেন। —আইএসপিআর