ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে গিয়ে সিআইডির তদন্ত দল সাক্ষ্যগ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরসহ ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। সকালে ঘটনাস্থলে আসে সিআইডি তদন্ত টিম। পরে মসজিদের একটি কক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি টিম।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, তদন্তের ধারাবাহিক কাজের অংশ হিসেবে তারা সমজিদ পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুরসহ ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। তাদের মধ্যে স্থানীয় মুসল্লি এবং হতাহতদের স্বজনও রয়েছেন। এর আগে গত রবিবার মামলার আলামত ও কাগজপত্র পুলিশ সিআইডিকে হস্তান্তর করে।
সিআইডির পরিদর্শক বাবুল হোসেন আরো বলেন, আমরা দ্রুতই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুতই ফলাফল দিতে পারব। গত ৬ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ডিআইজি মাঈনুল হাসান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তদন্ত করব। আমাদের তদন্তে যাদের অভিযুক্ত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে অবশই ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি গ্যাস লিক থেকে ঘটতে পারে।
গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ৩১ জন মৃত্যুবরণ করেন। পাঁচ জন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।